২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের আটকাতে ব্যর্থ এই জরুরি আইন অপ্রয়োজনীয়: ইনু

জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতিবাজদের আটকে রাখতে ব্যর্থ এই জরুরি আইনের প্রয়োজন নেই। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের ওপরও জোর দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতিবাজদের আটকে রাখতে ব্যর্থ এই জরুরি আইনের প্রয়োজন নেই। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের ওপরও জোর দিয়েছেন তিনি। শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, "যে জরুরি অবস্থা দুর্নীতিবাজদের আটকে রাখতে পারে না, কৃষক-শ্রমিকদের দমন করে, যে আইনের মধ্যেও মোল্লারা মিছিল করে- সেই জরুরি অবস্থার প্রয়োজন নেই।" জাসদ সভাপতি সামরিক শাসন জারির যে কোনও চেষ্টা রুখতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, "জরুরি আইন থেকে সামরিক আইন, তত্ত্বাবধায়ক সরকারের শাসন থেকে সামরিক শাসনে যেতে দেওয়া হবে না। আমাদের টেকসই গণতন্ত্রে যেতে হবে।" টেকসই গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে জাতীয় সরকার গঠনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিকল্প নেই।" বর্তমান সরকার ব্যর্থ হয়েছে দাবি করে জাসদ সভাপতি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের শাসনে পরিস্থিতি জটিল হচ্ছে। বর্তমান সরকারের কার্যক্রম কুয়াশাচ্ছন্ন। আবার ১/১১ আগের অবস্থায় ফিরে যাওয়ার আলামত দৃশ্যমান। দুনীর্তি দমন অভিযান আজ প্রশ্নবিদ্ধ। মহা দুনীর্তিবাজরাও বের হয়ে আসছে। নির্বাচন নিয়ে সংশয়-সন্দেহ দেখা দিয়েছে।" সরকারের নীতি-নির্ধারকদের সতর্ক করে দিয়ে ইনু বলেন, "সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধানও যখন গ্রেপ্তার হন; তখন ভাববেন না, তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন তারাও অপরাধ করলে কারাগারে যাবেন না।" নির্বাচনের বিষয়ে তিনি বলেন, "আমরা স্থানীয় নির্বাচন চাই। তবে সে সিদ্ধান্ত অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নিতে হবে।" স্থানীয় নির্বাচনে জাসদের অংশ নেওয়ার বিষয়ে ১৪ দলের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইনু জানান। জাসদ সভাপতি ঘোষিত সময়ে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ নির্মূল, যুদ্ধাপরাধীদের বিচারে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কেন্দ্রীয় নেতা শরীফ নুরুল আম্বিয়া, শিরিন আখতার, রবিউল আলম, ইন্দু নন্দন দত্ত, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান প্রমুখ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন দাবি করে মঈনুদ্দীন বাদল বলেন, "জাতীয় নির্বাচনের ঘোষিত সময়সীমা থেকে আমরা সরকারকে সরতে দেব না।" জাফর সাজ্জাদ বলেন, "বর্তমান সরকারের সময়ে দেশ দুর্নীতিমুক্ত হয়নি, বরং দুর্নীতির আরও বিস্তার ঘটেছে।" প্রতিনিধি সভায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলের নেতারা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/এমএইচবি/১৮২৩ ঘ.