২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানকে বিদেশ পাঠাতে আবারও চিকিৎসকের আহ্বান

অসুস্থ তারেক রহমানকে 'কাল বিলম্ব না করে' বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 09:12 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অসুস্থ তারেক রহমানকে 'কাল বিলম্ব না করে' বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ। অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ শনিবার বিশ্ববিদ্যালয়ে তার চেম্বারে কারাবন্দী তারেক রহমানের অবস্থা জানাতে গিয়ে সাংবাদিকদের মাধ্যমে সরকারের প্রতি ওই অনুরোধ রাখেন। বিএনপি'র যুগ্ম মহা সচিব তারেক রহমানের জন্যে গঠিত চারটি মেডিক্যাল বোর্ডের প্রধান ছিলেন অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ। দুর্নীতির অভিযোগে আটক তারেক রহমান বেশ কয়েকমাস ধরে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষগ্রহণ ও চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তারেক রহমানের অবস্থা 'খুবই খারাপ' আখ্যায়িত করে অর্থোপেডিক বিভাগের প্রধান বলেন, "বড় ধরনের কিছু ঘটে গেলে তার দায় আমরা চিকিৎসকরা নিতে পারব না। এজন্যে সরকারের কাছে ইতোমধ্যে গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান হিসাবে দাখিল করা প্রতিবেদনে তারেক রহমানকে সুচিকিৎসার স্বার্থে বিদেশে পাঠানো প্রয়োজন বলে জানিয়েছিলাম। আজও একই অনুরোধ জানাচ্ছি।" অধ্যাপক সিরাজউদ্দিন বলেন, ''বাংলাদেশে তারেক রহমানের চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই। গত ৮ মাস ধরে এ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে। কিন্তু কোনো অগ্রগতি হচ্ছে না।" তারেকের কোমর, ঘাড়ে ব্যথা ছাড়াও কিডনীসহ ১১টি রোগের উপসর্গ দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব রোগের কোনোটিরই তেমন কোনো অগ্রগতি নেই। এক প্রশ্নের জবাবে অধ্যাপক সিরাজ বলেন, কোমরের হাড় ভেঙে যাওয়ায় তারেককে এখন সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হয়। একাকী চলতে তিনি সম্পূর্ণ অক্ষম। এসময় ডা. মাজহারুল ইসলাম দোলনসহ আরও কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গত বছরের ৭ মার্চ ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল হোসেন সড়কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এসকে/১৫০১ঘ.