ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের (ইসি) অধীনস্থ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তার দাবি, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যেই সরকার এ কাজ করছে।
তত্ত্বাবধায়ক সরকারের এ ধরনের আইন প্রণয়নের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব। তিনি অবিলম্বে নতুন জারি করা অধ্যাদেশটি বাতিলের দাবি জানিয়েছেন।
খোন্দকার দেলোয়ার শুক্রবার চারদলীয় জোট শরিক খেলাফত মজলিশের কাউন্সিলে বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের কোনও আইন প্রণয়নের এখতিয়ার নেই। তাদের দায়িত্ব ৯০ দিনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। কিন্তু তা না করে তারা অবৈধভাবে একের পর এক আইন প্রণয়ন করছে।"
তিনি বৃহস্পতিবার জারি করা '১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ, (সংশোধন) অধ্যাদেশ-২০০৮' অবৈধ দাবি করে তা বাতিলের দাবি জানান।
দেলোয়ার হোসেন বলেন, "ওই অধ্যাদেশের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের একটি ডিপার্টমেন্টে পরিণত করতে চায় সরকার। দলগুলোকে নিয়ন্ত্রণের জন্যই এ সব করা হচ্ছে।"
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে 'না' ভোটের বিধান, সর্বোচ্চ তিন আসনে প্রার্থিতা, প্রার্থী হতে ভোটার হওয়া বাধ্যতামূলক, প্রার্থীকে ৮ দফা তথ্য প্রদান এবং নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তার ছেলে তারেক রহমানকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "সরকার একটি দলের নেত্রী, সাধারণ সম্পাদকসহ অনেককে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছে। অথচ আমাদের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রেখেছে। তার বড় ছেলে তারেক গুরুতর অসুস্থ। তারপরও তাকে বিদেশে পাঠানো হচ্ছে না। সরকারের এ ধরনের আচরণ বিমাতাসুলভ ও পক্ষপাতমূলক।"
খোন্দকার দেলোয়ার বৃহস্পতিবার চার দলের স্মারকলিপি পেশের কর্মসূচিতে পুলিশি বাধারও নিন্দা জানান।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খেলাফত মজলিশের কাউন্সিল অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, খেলাফত মজলিশের আমির মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/১৭৩৪ঘ.
bdnews24