ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিঙে মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
হানিফ ইকবাল জানান, গয়েশ্বর গত বুধবার হিসাব বিবরণী জমা দিয়েছেন। এতে জানানো হয়েছে, তার সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর মোহাম্মদপুরে নিজ নামে জমির ওপর ৬ তলা বাড়ি, কেরানিগঞ্জে ১০ শতাংশ জমির ওপর দোতলা বাড়ি।
স্ত্রী ঝর্ণা রায়ের নামে উত্তরায় তিন কাঠার একটি প্লট, বাড্ডা ও গুলশানে দুই খণ্ড জমি, কেরানিগঞ্জে যৌথ নামে ৪৭১ দশমিক ৫ শতাংশ জমি রয়েছে। এছাড়া যৌথ নামে ২ লাখ টাকার শেয়ার, ২৪ তোলা স্বর্ণালংকার আছে। স্ত্রীর নামে একটি গাড়ি এবং ১৬ লাখ ৫০ হাজার টাকার স্থায়ী আমানত দেখানো হয়েছে বিবরণীতে।
এছাড়াও যৌথ নামে ব্যাংক স্থিতি হিসাবে ১ লাখ ৫৮ হাজার ৬১৮ টাকার কথা উল্লেখ করা হয়েছে।
হানিফ ইকবাল জানান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজীম জোয়ারর্দার ও স্ত্রী সেলিমা জোয়ার্দার, এবং নেত্রকোনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী রেজাউল্লাহর সম্পত্তির হিসাব বিবরণীও জমা পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এমএইচবি/২১৩৫ ঘ.
bdnews24