ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম ও শিল্পপতি এম এ হাশেমসহ ১০ ভিআইপিকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে পাঁচ বিচারপতির নিয়মিত বেঞ্চ এ আদেশ দেয়।
জামিন বহাল থাকা অন্যরা হলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, সাবেক সাংসদ এম এইচ সেলিম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ওবায়দুল মোক্তাদির চৌধুরী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা, অধ্যাপক রফিকুল ইসলামের স্ত্রী নুরুন্নাহার লিলি ও গ্যাটকোর পরিচালক সৈয়দ গালিব।
বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় ৫৯টি মামলা অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ২৫টি মামলা ছিল ভিআইপি ও রাজনৈতিক পরিবারের সদস্যদের। এই ৫৯টি মামলার মধ্যে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা ছিল ৩৯টি।
কমিশনের ৩৯টি মামলার মধ্যে ৩৪টি মামলায় হাইকোর্টে দেওয়া রুল নিষ্পত্তির উদ্যোগ নিতে বাদী ও বিবাদী পক্ষকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগ এসব মামলায় হাইকোর্টের আদেশের ওপর নতুন করে কোনো স্থগিতাদেশ দেয়নি। বাকি পাঁচটি মামলার আপিলের শুনানি মুলতুবি করে নতুন তারিখ ধার্য করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এমএইচবি/২১০৭ ঘ.
bdnews24