২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলার নিরপেক্ষ তদন্ত চেয়েছে আ. লীগ

২১ আগস্টের গ্রেনেড হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান হামলার সঙ্গে চারদলীয় জোট সরকার জড়িত ছিল বলেও অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ২১ আগস্টের গ্রেনেড হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান হামলার সঙ্গে চারদলীয় জোট সরকার জড়িত ছিল বলেও অভিযোগ করেছেন। জিল্লুর রহমান বলেন, "বিগত চারদলীয় জোট সরকার হামলার সঙ্গে জড়িত ছিল বলেই এর বিচার হয়নি। ওরা একে ধরেছে, ওকে ছেড়েছে, ভুয়া চার্জশিট দিয়েছে। আমরা এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করছি।" ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। আহত হয় সাংবাদিকসহ শতাধিক মানুষ। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে জিল্লুর রহমান আরও বলেন, "আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই এই হামলা চালানো হয়েছিল।" সন্ত্রাসের প্রতিবাদে ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দু'মিনিট নীরবতা পালনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর, আওয়ামী লীগ নেতারা কার্যালয়ের সামনে ফুটপাতে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল (এমএল), গণতন্ত্রী পার্টিসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। আওয়ামী লীগের শত শত কর্মী-সমর্থক সকাল থেকেই এই অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সমাবেশে দেওয়া বক্তৃতায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেন, "সরকারের বাড়াবাড়ির জন্য কেন্দ্রিয় কার্যালয়ের বাইরে আমরা এই প্রতিবাদ সমাবেশ করতে পারেনি। এমনকি, গ্রেনেড হামলাস্থলে অস্থায়ী সমাধিস্তম্ভ করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি।" নির্দলীয় ব্যক্তিদের দিয়ে এই গ্রেনেড হামলার তদন্ত দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "দলীয় ব্যক্তিদের দিয়ে তদন্ত হবে না।" গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের বিচারে সোপার্দ করার দাবি জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক বলেন, "হামলার পেছনে শক্তিশালী পরিকল্পনা ছিল। যারা এই পরিকল্পনা করেছিল তাদের খুঁজে বের করতে হবে।" সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, পিন্টুর মতো উপমন্ত্রীদের নির্দেশ ছাড়া এ কাজ সম্ভব নয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হামলার সঙ্গে জড়িত ছিলেন বলেই গোয়েন্দা কর্মকর্তারা জজ মিয়ার নাটক সাজিয়েছিলেন বলে দাবি করেন আওয়ামী জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি সিআইডি'র তৎকালীন তদন্ত কর্মকর্তাদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে বলেন, "একজন ডিআইজি পদমর্যাদার ব্যক্তিকে দিয়ে সম্পূরক চার্জশিট দেওয়া হোক।" সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় মতিয়া চৌধুরীও বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন দলের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২০০০ ঘ.