২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধায় চারদলের কর্মসূচি হয়নি

পুলিশের বাধার মুখে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে পারেনি চার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 07:58 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুলিশের বাধার মুখে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে পারেনি চার দল। একই দাবিতে আগামী ২৭ আগস্ট চারদল দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেয়। পুলিশ চারদলের নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের খালেদা জিয়া মনোনিত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের সামনেই ব্যারিকেড দিয়ে রাখে। খোন্দকার দেলোয়ার অভিযোগ করে বলেন, "সরকার অসৎ উদ্দেশ্যে চার দলের সঙ্গে বৈরি আচরণ করে আমাদের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়েছে।" তিনি বলেন,''অন্য একটি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে, তাদের এভাবে বাধা দেওয়া হয়নি। অথচ চার দলের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। সরকার এ ক্ষেত্রে পক্ষপাত করেছে।" বুধবার মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে চার দলীয় জোটের নেতা-কর্মীদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রাসহকারে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি না করার পরামর্শ দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরণের কর্মসূচিকে জরুরি বিধিমালার পরিপন্থী। দেলোয়ার খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অসুস্থ তারেক রহমানকে বিদেশে পাঠানোসহ প্রধান উপদেষ্টার কাছে প্রদানের স্মারকলিপির ১৮ দফা দাবি গণমাধ্যমের কাছে উপস্থাপন করেন। এসব দাবির মধ্যে আরও আছে, সবার আগে সংসদ নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার, দ্রব্যমূল্য রোধ, গ্রেপ্তার-হয়রানি বন্ধ, সকল বন্দি রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি, রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ায় মহল বিশেষের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা প্রভৃতি। চার দলের কর্মসূচী সফল করতে সকাল থেকে বিএনপি, যুব দল, মহিলা দল, তাঁতী দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, জামায়াতে ইসলামীসহ শরিক দলের নেতা-কর্মী, ছাত্র দলসহ অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী সমবেত হয়। নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। কয়েক প্লাটুন পুলিশ ন্যাম ফ্ল্যাটের প্রধান গেইটের সামনে অবস্থান নেয়। জলকামানের গাড়িও ন্যাম ভবনের সামনে অবস্থান নেয়। খোন্দকার দেলোয়ারের নেতৃত্বে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহসভাপতি এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদসহ দলীয় সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতারা ন্যাম ফ্ল্যাটের গেটের কাছে আসলে পুলিশ তাদের বাধা দেয়। গত ১৪ আগস্ট খালেদা জিয়ার মুক্তি ও অসুস্থ তারেক রহমানকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি পুনরায় দাবি জানিয়ে চার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে খোন্দকার দেলোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৪৫২ঘ.