২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসেই সরকারের সঙ্গে সংলাপে বসতে চায় আ.লীগ

আগামী মাসের প্রথম সপ্তাহেই সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার আগ্রহ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 10:09 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসের প্রথম সপ্তাহেই সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার আগ্রহ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আশরাফুল ইসলাম বলেন, "গতকালই (মঙ্গলবার) দু'পক্ষ (প্রধান উপদেষ্টার কার্যালয় এবং নির্বাচন কমিশন) আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ওনারা এখনই আলোচনায় বসতে চান। কিন্তু এই মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে বলে আমরা আগামী মাসে আলোচনায় বসতে চাচ্ছি। এছাড়াও আলোচনার বিষয়বস্তু সম্বলিত কাগজপত্র তৈরি করতেও সময় লাগবে।" সংলাপের বিষয়বস্তু আওয়ামী লীগ ঠিক করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "গত সংলাপের কিছু অসমাপ্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সাংবিধানিক প্রাতিষ্ঠানগুলোকে কী ভাবে নির্দলীয় করা যায় এবং আগামীতে এই সব প্রতিষ্ঠানের নিয়োগগুলো যেনো স্বচ্ছ হয়, বিচার বিভাগ এবং সেখানে নিয়োগ কিভাবে নির্দলীয় করা সে বিষয়েও আলোচনা হবে।" এছাড়াও উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচনের তারিখ এবং জরুরি অবস্থা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। সরকারের সঙ্গে আরেক দফা সংলাপে বসতে প্রধান উপদেষ্টাকে মঙ্গলবার চিঠি দেয় আওয়ামী লীগ। এর আগে গত ৩ জুলাই সরকারের সঙ্গে আওয়ামী লীগের সর্বশেষ সংলাপ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৬০০ ঘ.