কুমিল্লা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক দুলাল হত্যা মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রায় দেন।
২০০১ সালের ১৮ জুলাই শহরের টমছম ব্রিজ এলাকায় দুলাল নিহত হন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুরুর রহমান মাহমুদ তানিম, জেলা ছাত্রলীগ নেতা তারিকুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম রিন্টু, জাহেদ ইসলাম, শরীফ সালাহউদ্দিন খোকা, সোহেল চৌধুরী কাজল, নাজমুল ইসলাম শাওন, মো. মুরাদ, ফখরুল ইসলাম রুবেল, শহীদুল ইসলাম চপল, সালেহ আহমেদ রাসেল।
মামলার অন্য আসামিরা যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী।
দুলাল হত্যার ঘটনায় তার বাবা এমদাদুল হক জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৯ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০০৪ সালের ২১ জানুয়ারি ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বাহারসহ ১৮ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24