২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র খোকার জামিনের মেয়াদ আবারো বাড়ল

সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে দেওয়া জামিনের মেয়াদ তৃতীয় দফা বাড়িয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে দেওয়া জামিনের মেয়াদ তৃতীয় দফা বাড়িয়েছে হাইকোর্ট। মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না- জানতে চেয়ে সরকার ও দুদকের প্রতি জারি করা আদালতের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বহাল থাকবে ঢাকার মেয়রের। এ সময় পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলেও আদেশ দিয়েছে হাইকোর্ট। জামিন ও মামলার স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে খোকার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। মামলাটিতে গত ৭ জুলাই মেয়র খোকাকে প্রথম দফায় ১৬ জুলাই পর্যন্ত জামিন দেয় হাইকোর্ট। ওই সময় পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করে সরকার ও দুদকের প্রতি রুল জারি করে আদালত। এরপর গত ১৬ জুলাই সাদেক হোসেন খোকার জামিন ও মামলার কার্যক্রম স্থগিতের আদেশ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম গত ২ এপ্রিল রমনা থানায় খোকার বিরুদ্ধে মামলাটি করেন। এতে খোকার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম গত ২ এপ্রিল রমনা থানায় সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলাটি করেছিলেন। দুদকে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে প্রায় ৯ কোটি ৬৫ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে ৯ কোটি ৭৬ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ এনে গত ২ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জামিন ও স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য খোকার করা আবেদনের ওপর শুনানি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০১৯ ঘ.