২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার দুটি মামলা বাতিল-আবেদনের শুনানি বৃহস্পতিবার

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার করা আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হবে হাইকোর্টে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার করা আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হবে হাইকোর্টে। মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ মঙ্গলবার এ দিন ধার্য করে। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান আদালতে আবেদন জানান। হাসিনার পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত ৭ জুলাই নিম্ন আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এর বিরুদ্ধে সরকারের আপিল আবেদন শুনে গত ১৩ আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখে। হাইকোর্টে বিচারাধীন হাসিনার আবেদনের দ্রুত শুনানির উদ্যোগ নিতে তখন নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গতবছর ২ সেপ্টেম্বর হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে। গতবছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। চলতি বছর ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এছাড়া, দুদক গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি করে। মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্র নাইকোকে বিনা দরপত্রে দেওয়ায় রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৬০০ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯৪৪ ঘ.