ভোলা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্যের পৃথক মামলায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমের জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার সকালে ভোলার বিশেষ আদালত এবং অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত দুটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে।
বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় নাজিমউদ্দিন আলম জামিন আবেদন করলে বিশেষ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইদ্রিছ আলম তা নামঞ্জুর করেন।
এরপর তিনি চাঁদাবাজি ও ভাংচুরের মামলায় অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাও গ্রহণ করেনি আদালত ।
গত ২৭ জুলাই বিএনপি নেতা হান্নান শাহ'র ঢাকার বাসা থেকে নাজিমউদ্দিন আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে ভোলা জেলা কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১২২ ঘ.
bdnews24