২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে চায় ইসি

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া খুব শিগগিরই শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সোমবার বলেন, "সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আগামী দুই-এক দিনের মধ্যে জারি হবে বলে আমরা আশা করছি। আদেশ জারি হওয়ার পর আমাদের হাতে পেলেই নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া খুব শিগগিরই শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সোমবার বলেন, "সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আগামী দুই-এক দিনের মধ্যে জারি হবে বলে আমরা আশা করছি। আদেশ জারি হওয়ার পর আমাদের হাতে পেলেই নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হবে।" নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি একথা বলেন। গত ৬ আগস্ট উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর সংশোধিত অধ্যাদেশ-২০০৮ নীতিগতভাবে অনুমোদন দেয়। নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী এ বছরের জুনে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আইন প্রণয়নে দেরি হওয়ায় এখনও তা শুরুই করতে পারেনি ইসি। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিবন্ধনের জন্য দলগুলোকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। তিনি বলেন, "এ সময়সীমা দুই মাসও হতে পারে। আইন হাতে পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।" নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। সরকার ঘোষিত 'রোডম্যাপ' অনুযায়ী আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে এর তফসিল ঘোষণার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসকে/১৯৫৩ঘ.