২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মামলায় এনবিআরের আবেদনের শুনানি ২৭ আগস্ট

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আপিল আবেদনের ওপর শুনানি হবে আগামী ২৭ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আপিল আবেদনের ওপর শুনানি হবে আগামী ২৭ আগস্ট। সোমবার আপিল বিভাগের চেম্বার জজ এম এ মতিন নিয়মিত বেঞ্চে শুনানির এ তারিখ দেন। তারেকের রিট আবেদনের পর গত ১২ আগস্ট হাইকোর্ট তার বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে। মামলাটি অবৈধ ও আইন বহির্ভূতভাবে করা হয়েছে বলে কেন ঘোষণা করা হবে না- তা এনবিআর চেয়ারম্যান, ডেপুটি কমিশনার ও ঢাকার বিশেষ জজ আদালতের বিচারককে ছয় সপ্তাহের মধ্যে জানাতে বলেছে আদালত। তারেকের বিরুদ্ধে গত ৪ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলের বিরুদ্ধে ২০০২-২০০৩ থেকে ২০০৫-২০০৬ অর্থবছরে ২৬ লাখ ৮৬ হাজার টাকার আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯২৫ ঘ.