২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিব্রত' বিচারপতিদের অপসারণ চাইলেন আশরাফুল

বঙ্গবন্ধু হত্যা মামলা শুনতে বিব্রত বোধকারী বিচারপতিদের অপসারণ চেয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উদ্দেশে তিনি বলেছেন, "যে বিচারপতিরা এ মামলা শুনতে বিব্রত বোধ করছেন, তারা আপিল বিভাগে থাকতে পারেন না। তাদের বরখাস্ত করুন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলা শুনতে বিব্রত বোধকারী বিচারপতিদের অপসারণ চেয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উদ্দেশে তিনি বলেছেন, "যে বিচারপতিরা এ মামলা শুনতে বিব্রত বোধ করছেন, তারা আপিল বিভাগে থাকতে পারেন না। তাদের বরখাস্ত করুন।" বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনের প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। চারদলীয় জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া বিচারপতিদের 'দলবাজ' আখ্যায়িত করে আশরাফুল বলেন, "এই দলবাজ বিচারপতিদের হাইকোর্ট ও আপিল বিভাগ থেকে অপসারণ করুন। এরা আপিল বিভাগে গেলে ৫০ বছরেও বঙ্গবন্ধু হত্যা মামলার রায় বাস্তবায়ন হবে না।" ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সময় এ বিষয়ে মামলা করা হয়। নিম্ন আদালতে রায়ের পর হাইকোর্ট ও আপিল বিভাগের মোট ছয়জন বিচারপতি এ মামলার শুনানি গ্রহণে বিব্রত হন। তাদের মধ্যে বর্তমান প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ও বিচারপতি এম এ মতিন এখন আপিল বিভাগে রয়েছেন। অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে স্মরণ সভায় আশরাফুল বলেন, "মিলাদের নামে এই স্মরণ সভা করা হচ্ছে। এটা পুলিশও জানে। আর এভাবে আমরাও প্রতারণা করছি। প্রতারণা করে গণতন্ত্র চলে না।" তিনি আরো বলেন, "জরুরি অবস্থায় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশও পর্যবেক্ষক পাঠাবে না বলেই আমার বিশ্বাস। আর পর্যবেক্ষক না থাকলে নির্বাচনও গ্রহণযোগ্য হবে না।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমদ তোফায়েল বলেন, "জরুরি আইন বহাল রেখে সরকার নির্বাচন করলে বুঝতে হবে- সরকার নির্বাচন চায় না, আরেকটি ওয়ান-ইলেভেন সৃষ্টি করতে চায়।" দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু জরুরি অবস্থা প্রত্যাহার করে সবার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ক্ষোভের সঙ্গে বলেন, "এখন পর্যন্ত উনার পাঁচটি জন্ম তারিখ পাওয়া গেছে।" আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বলেন, "৭৫ এর ১৫ আগস্টের পর আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। এই ব্যর্থতার দায়ভার নিয়েই আমি রাজনীতি করি।" দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, "৭৫ এর ১৫ আগস্ট সকালে আমরা অনেক কেন্দ্রীয় নেতার বাসায় গেছি। তারা তখন বাসায় থেকেও বলে দিয়েছেন, তারা বাসায় নেই।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বঙ্গবন্ধুকে জাতির জনকের মর্যাদায় অধিষ্ঠিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে মাহমুদুর রহমান মান্না, আব্দুর রহমান, অ্যাডভোকেট সাহারা খাতুন, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এম এ আজিজ ও অ্যাডভোকেট কামরুল ইসলাম বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান নূর। ১৫ আগস্ট নিহতদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১৪৯ ঘ.