২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের মুক্তি বিলম্বিত হতে পারে

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অসুস্থ মোহাম্মদ নাসিমের মুক্তির বিলম্ব হতে পারে। শুক্রবার সরকারি ছুটির কারণে জামিনের অনুলিপিসহ আনুষঙ্গিক কাজগুলো শুক্রবার বিকালেও শেষ না হওয়ায় এ বিলম্ব হচ্ছে বলে উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 07:11 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অসুস্থ মোহাম্মদ নাসিমের মুক্তির বিলম্ব হতে পারে। শুক্রবার সরকারি ছুটির কারণে জামিনের অনুলিপিসহ আনুষঙ্গিক কাজগুলো শুক্রবার বিকালেও শেষ না হওয়ায় এ বিলম্ব হচ্ছে বলে উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান। ৬ আগস্ট মোহাম্মদ নাসিমকে চার মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। নাসিম মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে গত এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন। উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার বিকাল ৩টা ২০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদ নাসিমের জামিনের কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। মুক্তির প্রক্রিয়া চলছে। তবে সরকারি ছুটি থাকায় কারা কার্যালয়ে তা পরীক্ষা-নিরীক্ষা করার বিষয় রয়েছে। এগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত মুক্তি প্রক্রিয়া শেষ হচ্ছে না। তাই মুক্তির সময়টি এখনই হলফ করে বলা যাচ্ছে না।'' তবে কারা কর্তৃপক্ষ জামিনের কাগজপত্র পরীক্ষার কাজটি দ্রুত শেষ করার চেষ্টা করছেন বলে উপ কারা মহাপরিদর্শক জানান। নাসিমের ছোট ভাই রেজাউল করীম শুক্রবার বেলা ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন দুপুরের পর বড় ভাই মুক্তি পাবেন। আমরা সেই অপেক্ষায় আছি।'' নাসিম পুলিশ পাহারায় বন্দী হিসাবে ল্যাব এইড হাসপাতালে আছেন। মুক্তির পর তিনি সেখানেই থাকবেন বলে জানান ভাই রেজাউল করীম। অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে বিশেষ আদালত গত বছর ৮ অক্টোবর নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।। গতবছর ২১ মার্চ দুর্নীতি দমন কমিশন নাসিমের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। তার বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ৬৭৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। জরুরি ক্ষমতা বিধিমালায় ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার হন নাসিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/আরবি/এসকে/১৫৪৮ঘ.