২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকে শ্রদ্ধায় স্মরণে মুজিব

স্বাধীনতা সংগ্রামের নেতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৩৩তম বার্ষিকীতে শোক পালন করছে জাতি। ছয় বছর পর আদালতের আদেশে সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করেছে। বিএনপি জামায়াত জোট সরকার ২০০২ সালে দিনটিতে জাতীয় শোক পালনের সিদ্ধান্ত বাতিল করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 06:02 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

সুমন মাহবুব ও মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা সংগ্রামের নেতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৩৩তম বার্ষিকীতে শোক পালন করছে জাতি। ছয় বছর পর আদালতের আদেশে সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করেছে। বিএনপি জামায়াত জোট সরকার ২০০২ সালে দিনটিতে জাতীয় শোক পালনের সিদ্ধান্ত বাতিল করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে একদল সেনা সদস্য ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, মেজো ছেলে শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের ও পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করে। সেই রাতে আরও নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, রিন্টু ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল। পিতার হত্যার দিনটিতে আবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর লন্ডন প্রবাসী মেয়ে শেখ রেহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "এ সিদ্ধান্ত আমাদের জন্য পরম শান্তির বিষয়। অনেকদিন পরে হলেও এটা হল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি।" দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন "বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ এবং স্বাধীন বাংলাদেশ গঠনের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। অত্যাচার, জুলুম ও নির্যাতন উপেক্ষা করে তিনি স্বাধিকার আদায়ের লক্ষ্যে ছিলেন আপসহীন। তার রাজনৈতিক দূরদর্শিতা, বিচক্ষণতা, সাহস, বাগ্মিতা ও বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল।" রাষ্ট্রপতি বলেন, "অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন সংগ্রাম কেবল দেশে নয়, সমসাময়িক বিশ্বের নির্যাতিত মানুষকেও অনুপ্রাণিত করেছে। এই মহান নেতার শাহাদত বার্ষিকীতে আমি তার রূহের মাগফেরাত কামনা করি।" প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, "আমাদের জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, চিরজাগরুক এক আদর্শ। তিনি ছিলেন একাধারে জননায়ক ও রাষ্ট্রনায়ক। স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ডাক দিয়ে তিনি পুরো জাতিকে করেছিলেন উজ্জীবিত ও ঐক্যবদ্ধ। দেশজুড়ে সৃষ্টি করেছিলেন অভূতপূর্ব গণজাগরণ- বিশ্বের ইতিহাসে যা বিরল।" প্রধান উপদেষ্টা বলেন, "তার (বঙ্গবন্ধু) আপসহীন, নির্ভীক ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে অভ্যূদয় ঘটেছে বাংলাদেশের। তিনিই সেই স্বাধীন- সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা।" বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "আজকে তার শাহাদত বার্ষিকীতে আমার আকুল আহ্বান- আসুন ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি।" দিনটি উপলক্ষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। জিল্লুর বলেন, "একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দলীয়করণ মুক্ত প্রশাসন, কার্যকর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার পুনরুদ্ধার এবং সা