ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'কঠোর কর্মসূচি' থেকে পিছু হটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও তার বড় ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী ২১ আগস্ট পায়ে হেঁটে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কাছে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চারদল।
এছাড়া ২৭ আগস্ট একই দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে জোটটি।
রোববার এক সভায় খালেদা জিয়ার মুক্তি দাবি করে সরকারকে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দেয় চারদল। অন্যথা কঠোর কর্মসূচির হুমকি দেয় তারা।
বৃহস্পতিবার বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ন্যাম ফ্ল্যাটের বাসায় চার দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "আমরা কোন সংঘাতে জড়াতে চাই না। এমন কোন কর্মসূচিও দিতে চাইনা যার কারণে সংকট সৃষ্টি হতে পারে। চারদল সেইসব বিবেচনা করেই ধাপে ধাপে কর্মসূচীর মাধ্যমে অগ্রসর হচ্ছে।"
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা আশা করছি, কালবিলম্ব না করে দ্রুততম সময়েই তাকে (খালেদা) মুক্তি দেবে সরকার।"
বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেছেন, যত দ্রুত সম্ভব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তারেক রহমানসহ সব রাজনীতিবিদের মুক্তি দাবি করে দেলোয়ার বলেন, "৭২ ঘণ্টা আল্টিমেটামের পর আমাদের এই কর্মসূচী নিম্নমুখি নয় বরং উর্দ্ধমুখি।"
১৫ আগস্টকে শোক দিবস ঘোষণা করায় তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার দিন ৩০ মে কেও জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান।
সভায় সাংবাদিক ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, এটিএম আজাহারুল ইসলাম, খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. ইসহাক, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব শামীম আল মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৬১৪ ঘ.
bdnews24