২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন একটি ষড়যন্ত্র: জিল্লুর

জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন আয়োজনের উদ্যোগকে 'ষড়যন্ত্র' আখ্যায়িত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুধবার বলেছেন, তার দল এটা হতে দেবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 12:45 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন আয়োজনের উদ্যোগকে 'ষড়যন্ত্র' আখ্যায়িত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুধবার বলেছেন, তার দল এটা হতে দেবে না। বুধবার বিকালে রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান এ কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "এই সরকারের কাজ জাতীয় নির্বাচন করা। অথচ সরকার উপজেলা নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। এটি একটি ষড়যন্ত্র। আমরা জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হতে দেব না।" জিল্লুর বলেন, "আওয়ামী লীগ কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনে অংশ নেবে না।" ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়ায় জিল্লুর রহমান সরকারের নীতি নির্ধারকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "সরকার একটি ভালো কাজ করেছে। এটা প্রশংসা পাওয়ার যোগ্য। আশা করি, আগামীতেও তারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না।" তিনি অভিযোগ করেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী অভিযোগ করেন, রাজনীতিবিদদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে তোফায়েল আহমদ, সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুল মান্নান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮৩৭ ঘ.