গাজীপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক গণপূর্ত মন্ত্রী আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মঙ্গলবার গভীর রাতে কাশিমপুর কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
তবে কাশিমপুর কারাগার- ১ এর জেল সুপার মো. সগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের নির্দেশে রাত ১০টায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দেওয়া হয়েছে।"
উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীও রাত ১২টার দিকে ইঞ্জিনিয়ার মোশাররফের মুক্তির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
মোশাররফের ছেলে মাহবুবুর রহমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশ সোমবার রাতে কারাকর্তৃপক্ষ পেলেও মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাবাকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে তাকে জেলগেটে বসিয়ে রাখা হয়েছিল।"
সাবেক মন্ত্রী অসুস্থ বলে তাকে হাসপাতালে ভর্তি করা হবে বলে জানান তিনি।
এর আগে রাত ১২টার দিকে মাহবুবুর রহমান অভিযোগ করেন, কারাকর্তৃপক্ষ দাবি করলেও প্রকৃতপক্ষে মোশাররফ হোসেনকে মুক্তি দেওয়া হয়নি। ছেড়ে দেওয়ার পর আবার তাকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।
জরুরি বিধিমালা ভঙ্গের মামলায় মোশাররফ হোসেনকে রোববার জামিন দেয় হাইকোর্ট। ছাড়া পাওয়ার পর তাকে নতুন করে হয়রানি না করারও নির্দেশ দেয় আদালত।
গত ১ আগস্ট জামিনে মুক্তি পাওয়ার পরপরই আবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
মোশাররফ হোসেনকে গত বছরের ২৫ ফেব্র"য়ারি প্রথমবারের মতো গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/ডিডি/এসএনডি/০১০০ ঘ.
bdnews24