ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও গাজীপুর-১ (শ্রীপুর) আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট রহমত আলী।
মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় রহমত আলীকে দেখে গাজীপুরের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে গালাগালি করে। পরে জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি সামাল দেন।
স্থানীয় নেতাদের অভিযোগ, রহমত আলী শ্রীপুুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বদলে জাতীয় পার্টির এক নেতাকে সমর্থন দিয়েছেন।
শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানসহ শতাধিক নেতা-কর্মী নিয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমতউল্লাহ খান মঙ্গলবার বিকাল ৫টার দিকে জিল্লুর রহমানের বাসায় আসেন। রহমত আলী তখন সেখানে ছিলেন। তাকে দেখেই
গাজীপুরের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে 'দালাল-দালাল', 'ধর-ধর' বলে চিৎকার করতে থাকেন। তারা বলেন, রহমত আলী থাকলে তারা বাসায় ঢুকবেন না।
তখন আজমতউল্লাহ খান নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, "নেতার (জিল্লুর রহমান) বাসায় এসে এভাবে চিৎকার করার দরকার নেই। এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নেবেন বলে আমাদের জানিয়েছেন।"
এর পর কর্মীরা শান্ত হয়। পরে জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন শ্রীপুরের নতুন মেয়রসহ নেতা-কর্মীরা।
শ্রীপুর থানা আওয়ামী লীগের নেতা শফিউদ্দিন মোড়ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌরসভা নির্বাচনে রহমত আলী আওয়ামী লীগ সমর্থিত আনিসুর রহমানের বিরুদ্ধে কাজ করেছিলেন। তিনি জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী নুরুল ইসলামকে ভোট দেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের চাপও দিয়েছিলেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমএইচবি/২০১০ ঘ.
bdnews24