২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের আয়কর ফাঁকি মামলা স্থগিত

তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ আয়কর ফাঁকির মামলাটি দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে তারেকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মামলাটি অবৈধ ও আইন বহির্ভূতভাবে দায়ের করা হয়েছে বলে কেন ঘোষণা করা হবে না-- আগামী ছয় সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে এনবিআরের চেয়ারম্যান, ডেপুটি কমিশনার ও ঢাকার বিশেষ জজ আদালতের বিচারককে নির্দেশ দেয়া হয়েছে। গত ৪ আগস্ট তারেকের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালতে আয়কর ফাঁকির মামলাটি দায়ের করে জাতীয় রাজস্ব বোর্ড। মামলায় তার বিরুদ্ধে ২০০২-২০০৩ থেকে ২০০৫-২০০৬ অর্থবছরে ২৬ লাখ ৮৬ হাজার টাকার আয়কর ফাকির অভিযোগ আনা হয়। তারেকের পক্ষে রিটের শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "আয়কর অধ্যাদেশের ৯৩ ধারা অনুযায়ী কর ফাঁকির মামলা দায়েরের আগে নোটিশ দিতে হবে। কিন্তু তারেকের ক্ষেত্রে এরকম কোন নোটিশ দেওয়া হয়নি।" তিনি বলেন, তারেক নিবন্ধিত করদাতা। আয়কর ফাঁকির অভিযোগ থাকলে এনবিআর তার কাছে সেই কর চাইবে। কিন্তু হাইকোর্ট আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে তারেকের আয়কর জমা নেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিলেও তারা তা জমা নেয়নি। তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কাজ কারো বিরুদ্ধে মামলা দায়ের করা নয়, আয়কর আদায় করা। এনবিআরের পক্ষে শুনানি করেন করেন অ্যাডভোকেট এম আর হাসান। মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১০ আগস্ট তারেক হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬৪৭ঘ.