ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থায় নির্বাচনের বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করে যুক্তরাজ্য। (আরও তথ্যসহ)
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও বিকালে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে সঙ্গে দেখার করার পর ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স সাংবাদিকদের কাছে একই ধরনের মনোভাব প্রকাশ করেন।
জরুরি অবস্থার মধ্যে আওয়ামী লীগসহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন চায় না- এ কথা জানিয়ে সাংবাদিকরা এ বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান জানতে চাইলে স্টিফেন ইভান্স বলেন, "এ বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্ত হওয়া উচিত।"
একইসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগ চায় জরুরি অবস্থা প্রত্যাহার করা হোক। প্রধান উপদেষ্টাও ধারাবাহিকভাবে জরুরি অবস্থা প্রত্যাহারের কথা বলেছেন।"
ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নির্জ দেভা গত বুধবার জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের বলেছিলেন, জরুরি অবস্থার মধ্যে সংসদ নির্বাচন হলে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না।
সাংবাদিকরা বিষয়টি তুললে স্টিভেন্স ইভান্স বলেন, "এভাবে বললে বিষয়টি সরলীকরণ করা হবে। ইউরোপীয় ইউনিয়ন যদি মনে করে অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে, তাহলে তারা পর্যবেক্ষক পাঠাবে।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে দেখা করার বিষয়টি 'সৌজন্য সাক্ষাৎ' হিসাবে বর্ণনা করেন যুক্তরাজ্যের দূত।
তিনি বলেন, "নতুন রাষ্ট্রদূত হিসাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের অংশ হিসাবেই আজ (মঙ্গলবার) জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেছি। এটা একেবারেই সৌজন্য সাক্ষাত।"
স্টিফেন ইভান্স বলেন, "যুক্তরাজ্য উন্নয়ন খাত, অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। ডিসেম্বরে নির্বাচনের পর যে সরকারই আসবে তাদের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করতে চাই।"
বৈঠকের বিষয়ে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "বৃটিশ হাই কমিশনারকে আমরা বলেছি, জরুরি অবস্থার মধ্যে নির্বাচনের বিষয়ে আমাদের আপত্তি আছে।"
জিল্লুর রহমানের গুলশানের বাসায় স্টিভেন ইভান্সের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও উপস্থিত ছিলেন।
বিকেলে ন্যাম ফ্ল্যাটে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান,দপ্তর সম্পাদক রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর স্টিভেন ইভাস বলেন,'' এটি ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।''
খোন্দকার দেলোয়ার বলেন, '' খালেদা জিয়ার মুক্তি ও অসুস্থ তারেক রহমানকে বিদেশে পাঠাতে সরকারের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি আমরা বৃটিশ হাইকমিশনকে বলেছি। খালেদা জিয়ার অংশ গ্রহণ ও তার মুক্তি ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও আমাদের অবস্থান তাকে জানিয়েছি।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমআই/জিএনএ/১৮৪৭ ঘ.
bdnews24