২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ডিগবাজি দিলেন সাখাওয়াত

বারবার দল বদল করে পরিচিতি পাওয়া সাবেক জামায়াত নেতা মাওলানা সাখাওয়াত হোসেন এবার যোগ দিয়েছেন এরশাদের জাতীয় পার্টিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

যশোর, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বারবার দল বদল করে পরিচিতি পাওয়া সাবেক জামায়াত নেতা মাওলানা সাখাওয়াত হোসেন এবার যোগ দিয়েছেন এরশাদের জাতীয় পার্টিতে। যোগ দেওয়ার ২৫ মিনিটের মাথায় তাকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করে নিয়েছে জাতীয় পার্টি। জামায়াতে ইসলামী, বিএনপি, পিডিপি ঘুরে আসা এই নেতাকে যশোর-৬ (কেশবপুর) আসনে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীও ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। মঙ্গলবার কেশবপুর উপজেলা সদরে এএসএইচকে সাদেক মিলনায়তনে এক অনুষ্ঠানে এরশাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সাখাওয়াত জাতীয় পার্টিতে যোগ দেন। পরে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য এবং আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত করার পাশাপাশি যশোর জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও দেওয়া হয়েছে। বহুদল বদলকারী মাওলানা সাখাওয়াত ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে যশোর-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে মেয়াদ উত্তীর্ণের কয়েক মাস আগে তিনি যোগ দেন বিএনপিতে। ৯৬ সালের ১৫ ফেব্র"য়ারির নির্বাচনে সাখাওয়াত বিএনপির মনোনয়ন নিয়ে সাংসদও নির্বাচিত হয়েছিলেন। সে সময় তাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়। ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি আওয়ামী লীগের প্রার্থী এএসএইচকে সাদেকের কাছে পরাজিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে মাওলানা সাখাওয়াত নির্বাচন করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ওই নির্বাচনেও এএসএইচকে সাদেকের কাছে পরাজিত হন তিনি। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করে। রাজনীতিতে দীর্ঘ দিন নিষ্ক্রিয় থাকার পর চারদলীয় জোট সরকারের ক্ষমতার শেষ সময়ে এসে মাওলানা সাখাওয়াত যোগ দেন বিকল্প ধারায়। পরে আবারও দল বদল করে পাড়ি জমান ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগ্রেসিভ ডেমক্রেটিক পার্টিতে (পিডিপি)। সর্বশেষ মঙ্গলবার যোগ দিলেন জাতীয় পার্টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫২৬ ঘ.