ভোলা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগত বিএনপি জোট সরকারের শাসনকে হিটলারের নাৎসি শাসনের সঙ্গে তুলনা করে বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তাদের সময় স্বাধীনভাবে কেউ কাজ করতে পারেনি। সর্বত্রই ছিল দুর্নীতি আর সন্ত্রাস।
তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, "তারা সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা করেছে। সাবেক মন্ত্রীর মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়েছে। যেখানে আমরা গিয়েছি সেখানেই আমাদের ওপর হামলা করেছে।"
সোমবার শহরের কবি মোজাম্মেল হক টাউন হলে বিকল্প ধারা, বাংলাদেশ এর ভোলা জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বি চৌধুরী এ কথা বলেন।
তার প্রায় পুরো বক্তব্য জুড়েই ছিল বিগত বিএনপি জোট সরকারের সমালোচনা।
বিকল্প ধারা প্রধান বলেন, "রাজনীতির মধ্যে ময়লা ধরে গেছে। এ ময়লা দূর করতে লাগবে কুলা। তাই বিকল্প ধারার প্রতীক কুলা।"
তিনি বলেন, "যারা নেতা হবেন তারা দেশের মানুষের দায়িত্ব গ্রহণ করবেন।"
বিকল্প ধারার স্থানীয় নেতা আবু আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিকল্প ধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান।
এছাড়া আরও বক্তব্য রাখেন- অধ্যক্ষ আবদুর রশিদ খান, বেগম সায়মা জলিল, অধ্যাপিকা রানু রানী দাস, বেগম দেলোয়ার ইসলাম শামছুজ্জামান টুটুল, অধ্যক্ষ রুহুল আমিন মাষ্টার প্রমুখ।
সম্মেলনে দলের নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান বি চৌধুরী।
সম্মেলনে আবু আজম খানকে সভাপতি ও এম রহমান শাকিলকে সাধারণ সম্পাদক করে বিকল্প ধারার জেলা কমিটি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24