ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারে বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
উপ-কর কমিশনার মো. কবীর উদ্দিন মোল্লা সোমবার মহানগর দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন।
শুনানি শেষে বিচারক মো. আজিজুল হক কামাল মজুমদারের বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারির নির্দেশ দিয়ে তাকে ১৪ আগস্ট আদালতে হাজির করার আদেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, কামাল মজুমদার ১৯৮৬-৮৭ করবর্ষ থেকে ২০০৫-০৬ করবর্ষ পর্যন্ত সময়ে এনবিআরে দাখিল করা আয়কর বিবরণীতে ৭ কোটি ৮১ লাখ ১৯ হাজার ৬৯৮ টাকার সম্পদের তথ্য গোপন করে ৪ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৪৭১ টাকা আয়কর ফাঁকি দেন।
গত বছর ৪ ফেব্র"য়ারি রাতে যৌথবাহিনী কামাল মজুমদারকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি একটি দুর্নীতি মামলায় কারাগারে আটক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১০২ ঘ.
bdnews24