২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সত্য ও জবাবদিহিতা কমিশন না করলেই ভাল হতো: এরশাদ

সত্য ও জবাবদিহিতা কমিশন না করলেই ভাল হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, "আমি আগেই এর (সত্য ও জবাবদিহিতা কমিশন) বিরোধিতা করেছি, পত্রিকায় কলাম লিখেছি। দেশের প্রচলিত আইনেই দুর্নীতিবাজদের বিচার করা যেত। এতে জনগণ খুশি হত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সত্য ও জবাবদিহিতা কমিশন না করলেই ভাল হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, "আমি আগেই এর (সত্য ও জবাবদিহিতা কমিশন) বিরোধিতা করেছি, পত্রিকায় কলাম লিখেছি। দেশের প্রচলিত আইনেই দুর্নীতিবাজদের বিচার করা যেত। এতে জনগণ খুশি হত।" সোমবার দুপুরে যশোর যাওয়ার পথে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে যাত্রাবিরতিকালে এরশাদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে ট্রুথ কমিশন (সত্য ও জবাবদিহিতা কমিশন) থাকবে কিনা সেটা সময়ই বলে দেবে।" আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, দুর্নীতিবাজদের ছেড়ে দিয়ে সরকার তার অবস্থান থেকে সরে এসেছে বলে মনে করেন এরশাদ। তিনি বলেন, "মানুষের মনে আশা ছিল দুর্নীতিমুক্ত সমাজ-রাষ্ট্র-শাসন কায়েম হবে। সে আশা দূরাশায় পরিণত হয়েছে।" এরশাদ আশা প্রকাশ করে বলেন, "রোডম্যাপ অনুযায়ী এ বছর ডিসেম্বরেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত প্রতিনিধিদের কাছে এ সরকার ক্ষমতা হস্তান্তর করবে।" তার দল মহাজোটে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "জাতীয় পার্টি মহাজোটে আছে, থাকবে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে জনগণের সেবা করাই একমাত্র লক্ষ্য।" মহাজোট ক্ষমতায় গেলে তাকে রাষ্ট্রপতি করবে কিনা জানতে চাইলে এরশাদ বলেন, "মহান আল্লাহ ছাড়া আর কেউ সেটা বলতে পারে না। তবে মহাজোটের সিদ্ধান্ত ছিল আমাকে প্রেসিডেন্ট করবে। আগামীতে কি হবে সেটা এখন বলা সম্ভব নয়।" সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও মনে করেন তিনি। ১৫ মিনিটের যাত্রাবিরতি সময় এরশাদকে স্বাগত জানান জেলার জাতীয় পার্টির নেতা কর্মীরা। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ। মাগুরা প্রতিনিধি জানান, শহরের আসাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টির কর্মী সভায় এরশাদ বলেছেন- আসন্ন নির্বাচনের মাধ্যমে তার দলের ক্ষমতায় যাওয়ার এবারই শেষ সুযোগ। এ সুযোগ কাজে লাগাতে তিনি দলের সাংগঠনিক ঐক্য আরও দৃঢ় করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "আগের নির্বাচনগুলোর সময় আমাকে জেলে রাখা হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে আমি মুক্ত অবস্থায় নির্বাচন করতে পারব।" মাগুরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি খান জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- দলের মহাসচিব এ.বি. এম রুহুল আমিন হাওলাদার, স্থানীয় নেতা এইচ. এম গোলাম রেজা, অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, তরিকুল ইসলাম, খসরুল আলম, মুন্সি সেলিম রেজা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০২ ঘ.