ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির মামলাটির কার্যক্রমও চার মাসের জন্য স্থগিত করা হয়েছে।
মামলাটির কার্যক্রম কেন বতিল করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানানোর জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আদালত রুল জারি করেছে।
সোমবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের জন্য ও জামিনের আবেদন জানিয়ে মির্জা আজমের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
মির্জা আজমের পক্ষে শুনানিতে ব্যারিস্টার আমীরুল ইসলাম বলেন, "অভিযোগের পর র্নিধারিত সময়ে অনুসন্ধান শেষ না করায় তার বিরুদ্ধে আইনত কোন মামলাই নেই।"
কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল আজিজ।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে গত ১০ জানয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোবারা খানম রমনা থানায় মির্জা আজমের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভর্ূূত ৫৬ লাখ ২০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে প্রায় ৩৪ লাখ সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে প্রায় ৫৩ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ এনে গত ৭ জুলাই মির্জা আজমের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
মির্জা আজম গত ১৬ জুলাই ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১৪ জুলাই হাইকোর্ট ১০ দিনের মধ্যে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৬০৮ঘ.
bdnews24