ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে জরুরি অবস্থা ধাপে ধাপে তুলে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স।
সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে সাক্ষাতের পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।
জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলে যুক্তরাজ্য তা সমর্থন করবে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে তার সরাসরি জবাব এড়িয়ে যান যুক্তরাজ্যের দূত।
প্রশ্নের উত্তরে স্টিফেন ইভান্স বলেন, "প্রশ্নটি অনুমান নির্ভর, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। আমরাও আশা করছি, জাতীয় নির্বাচনের আগে জরুরি অবস্থা ধাপে ধাপে তুলে নেওয়া হবে।"
জরুরি অবস্থার মধ্যে নির্বাচনের বিষয়ে কয়েকজন উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে হাইকমিশনার সরাসরি উত্তর না দিয়ে বলেন, "আন্তর্জার্তিক গোষ্ঠী রয়েছে, তারা ডিসেম্বরের নির্বাচনে সরকারকে সহায়তা দেবে। আর প্রধান উপদেষ্টাও ইতোমধ্যে জরুরি অবস্থা তুলে নেওয়ার কথা বলেছেন।"
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকরা জানতে চাইলে স্টিফেন ইভান্স বলেন, "বাংলাদেশে গণতন্ত্র উত্তরণে যে প্রক্রিয়া চলছে, তাতে এদেশের সরকার ও জনগণকে যুক্তরাজ্য সরকার কী কী ভাবে সহায়তা দিতে পারে- তা নিয়ে আলোচনা হয়েছে।"
এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
তবে বৈঠকের বিষয়ে উপদেষ্টা এমএ মতিন সাংবাদিকদের কোনও কথা বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএ/এমআই/এসকে/১৪২৯ঘ.
bdnews24