ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার স্ত্রী ও চার ছেলের বিরুদ্ধে রোববার আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুবুর রহমান বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দিলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী তা গ্রহণ করেন।
অভিযোগপত্রে বলা হয়, শাহ আলম তার ঘোষিত আয়ের বাইরে নিজের ও পোষ্যদের মালিকানায় ১০৭ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৫৫৭ টাকার সম্পদ অর্জন করেছেন এবং কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে ১৪ কোটি ১৭ লাখ ১৮ হাজার ৮০১ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন।
এ মামলার আসামি- শাহ আলম, তার স্ত্রী আফরোজা বেগম, চার ছেলে- সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান ও সাফওয়ান সোবহানকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
দুর্নীতি দমন কমিশন গত বছরের ৯ ডিসেম্বর রমনা থানায় এ মামলা দায়ের করে।
অভিযোগপত্রে বলা হয়েছে, শাহ আলমের বিরুদ্ধে মোট ১১টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/এমএইচবি/২০৩৩ ঘ.
bdnews24