২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ আগস্টের বোমা হামলা মামলায় সব আসামি খালাস

২০০৫ সালের ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলা মামলার ১২ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলা মামলার ১২ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রোববার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন। খালাসপ্রপ্তরা হলেন- আলমগীর, কবীর, জহিরুল আলম, দীন ইসলাম, জনি চৌধুরী, মোহাম্মদ শামীম মিয়া, মো. শাহ আলম, সাইফুল্লাহ আকন্দ, সোহাগ মিয়া, আরাফাত হোসেন, শেখ সুমন ও সাব্বির মোল্লা। এদের মধ্যে সাব্বির মোল্লা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয় বলে রায়ে জানানো হয়। ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা। ওই দিন ব্রাহ্মণবাড়িয়ার আদালত ভবন, কুমারশীলের মোড়, রেলওয়ে ষ্টেশন ও পইরতলা বাসষ্ট্যান্ডসহ কয়েকটি স্থানে একযোগে বোমা হামলা চালানো হয়। হামলাস্থলে জেএমবির লিফলেট পাওয়া গিয়েছিল। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০১ ঘ.