ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন ও পৌর নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার বিষয়ে মান্নান ভূঁইয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন।
শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সভায় তিনি বলেছেন, মান্নান ভূঁইয়া বিএনপির কেউ নয়। দলীয় সিদ্ধান্তের বিষয়ে বিএনপির বহিষ্কৃত মহাসচিবের বক্তব্যের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন খালেদা জিয়া মনোনীত বর্তমান মহাসচিব।
খোন্দকার দেলোয়ার খালেদা জিয়াকে কারামুক্ত করতে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রস্তুতির কথা বললেও কর্মসূচির বিষয়ে কিছু বলেননি তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় খোন্দকার দেলোয়ার বলেন, "স্থানীয় নির্বাচন বর্জনে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। যিনি বলেন- ঠিক হয়নি কিংবা ভুল হয়েছে; তিনি মূল্যায়ন করার কে? তিনি বিএনপির কেউ নন।"
তিনি বলেন, "১১ জানুয়ারির পর যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারাই আজ বলছে- স্থানীয় নির্বাচনে না যাওয়া ভুল ছিল।"
স্থানীয় নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সমালোচনা করে মান্নান ভূঁইয়া শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, দলের সিদ্ধান্ত দলীয় ফোরামেই হওয়া উচিত, এককভাবে নয়।
সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানকে সরকার ও নির্বাচন কমিশনের 'নীল নকশার ষড়যন্ত্র' আখ্যা দিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "সরকারের সংবিধান বহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডকে বৈধতা দেবে না বলেই বিএনপি ওই নির্বাচনে যায়নি।"
খালেদা জিয়াকে কারামুক্ত করতে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সরকার নিজেকে বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তাই আর আমাদের বসে থাকার সময় নেই, সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আমরা ধাপে ধাপে কর্মসূচি দেব।"
বিএনপি সরকারের পক্ষপাতমূলক আচরণের শিকার অভিযোগ করে দেলোয়ার হোসেন বলেন, "এক দেশে দুই আইন চলছে। কাউকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো হয়েছে। আর আমাদের নেত্রীকে জেলে আটকে রাখা হয়েছে। এটা নিরপেক্ষ সরকারের চরিত্র নয়। তারা একটি বিশেষ মহলের ইঙ্গিতে কাজ করছে।"
তিনি বলেন, "খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কোনও নির্বাচনে অংশ নেবে না। নির্বাচনে খালেদা জিয়াসহ সব নেতৃবৃন্দের অংশ গ্রহণে দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নইলে আরও অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হতে পারে।"
আইনজীবী ফোরামের ঢাকা ইউনিট আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন বিচারপতি টিএইচ খান, হাবিবুল ইসলাম ভূঁইয়া, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সাবেক সাংসদ মেহেদী আহমেদ রুমি, সেলিম রেজা হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
অ্যাডভোকেট ফজলুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ বিভিন্ন জেলার আইনজীবীরা। সভায় ফোরামের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২১ আগস্ট মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৬৪৮ ঘ.
bdnews24