২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেত্রী ফরিদা হাসানের দাফন সম্পন্ন

সাবেক সাংসদ ও বিএনপি নেত্রী বেগম ফরিদা হাসানকে শুক্রবার বাদ আসর টাঙ্গাইলের করটিয়ায় জমিদার বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অ্যাপেলো হাসপাতালে তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ ও বিএনপি নেত্রী বেগম ফরিদা হাসানকে শুক্রবার বাদ আসর টাঙ্গাইলের করটিয়ায় জমিদার বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অ্যাপেলো হাসপাতালে তিনি মারা যান। এর আগে শুক্রবারে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী, সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, ড. আর এ গনি, এম কে আনোয়ার, ড. আবদুল মঈন খান, জাফরুল ইসলাম চৌধুরী, আবুল হাসান চৌধুরী, খায়রুল কবীর খোকনসহ সাবেক সাংসদরা অংশ নেন। পরে ডেপুটি স্পিকার মরহুমার কফিনে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর সড়কপথে মরহুমার কফিন টাঙ্গাইলে নেওয়া হয়। সেখানে বাদ আসর করটিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাবেক ডেপুটি স্পিকার ওয়াজেদ আলী খান পন্নী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন দাউদ আলী খান পন্নীসহ আত্বীয় স্বজন ও দলীয় নেতা-কর্মীরা অংশ নেন। ফরিদা হাসান ছাত্রী অবস্থায় প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছায়ানটের প্রতিষ্ঠাতাদের অন্যতম। বিএনপিতে যোগ দেওয়ার আগে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ফরিদা হাসানের স্বামী বাম রাজনীতিক সায়দুল হাসান '৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হন। মৃতুকালে মরহুমা ফরিদা হাসান এক মেয়ে নৃত্য শিল্পী শারমিন হোসেন, ছেলে আন্দালিব হাসানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা ফরিদা হাসানের মৃত্যুতে বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা পৃথক পৃথক শোকবানীতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। ফরিদা হাসানের কুলখানি আগামী রোববার ৪০/এ ইন্দিরা রোড়ে তার ছোট বোন লায়লা কবিরের বাসভবনে অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/জিএনএ/২০৫০ ঘ.