২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহার, গণবণ্টন চালুসহ চার দাবি সিপিবি'র

জরুরি অবস্থা প্রত্যাহার, ট্রেড ইউনিয়ন কার্যক্রম শুরুর অনুমতি, গণবণ্টন (রেশন) ব্যবস্থা চালু এবং বন্ধ থাকা কলকারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শুক্রবার পার্টির নবম কংগ্রেসের দ্বিতীয় দিনে এই দাবিগুলোসহ চারটি বিশেষ প্রস্তাব গৃহীত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার, ট্রেড ইউনিয়ন কার্যক্রম শুরুর অনুমতি, গণবণ্টন (রেশন) ব্যবস্থা চালু এবং বন্ধ থাকা কলকারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শুক্রবার পার্টির নবম কংগ্রেসের দ্বিতীয় দিনে এই দাবিগুলোসহ চারটি বিশেষ প্রস্তাব গৃহীত হয়। নবম কংগ্রেসের আয়োজক কমিটির পক্ষে আহসান হাবীব লাবলু বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, "জরুরি আইন প্রত্যাহার করে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিঃশর্তভাবে ফিরিয়ে দিতে হবে। দ্রব্যমূল্য জনগণের নাগালের মধ্যে নিয়ে আসার পাশাপাশি সারাদেশে গণবণ্টন ব্যবস্থা চালু করতে হবে।" এছাড়া বন্ধ থাকা সব কলকারখানা চালু, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং সিপিবি রাজশাহী জেলা সভাপতি মহসীন আলীসহ বন্দি নেতাকর্মীদের মুক্তি ও খাসজমি আন্দোলনে জড়িত ক্ষেতমজুরদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কংগ্রেসে প্রস্তাব পাস করা হয়েছে বলে লাবলু জানান। তিনি বলেন, "দলের রাজনৈতিক, সাংগঠনিক ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কেন্দ্রীয় কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর আজ (শুক্রবার) বিভিন্ন জেলার প্রতিনিধিরা আলোচনা করেছেন। এর ফাঁকে এ চারটি প্রস্তাব গ্রহণ ও অনুমোদন করা হয়েছে।" গত বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সিপিবি'র নবম কংগ্রেস শুরু হয়েছে। তিন দিনের এ কংগ্রেসে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, উত্তর কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/জিএনএ/২০৩৬ ঘ.