ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের পক্ষে হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে আপিল করলে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষতা হারাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ।
বৃহস্পতিবার বিকালে স্বেচ্ছাসেবক লীগের দিনব্যাপী প্রতীক অনশন কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল বলেন, "শেখ হাসিনাকে ছাড়া সাধারণ নির্বাচন হবে না। জরুরি আইনের মধ্যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য আর কোনো নির্বাচনও মানুষ মেনে নেবে না। এই তিন দাবিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, "জরুরি আইন শিথিল করতে পারলে তা প্রত্যাহার করা যাবে না কেন? ইউরোপীয় ইউনিয়ন বলেছে, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলে তারা পর্যবেক্ষক পাঠাবে না। যুক্তরাষ্ট্র বলেছে, জরুরি আইনের মধ্যে নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে তারা মনে করে না।"
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনশন কর্মসূচির শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, "সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে বিজয়ই চূড়ান্ত নয়। জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ই আমাদের চূড়ান্ত বিজয় হবে। আমাদের ঠেকাতে সামনে অনেক ষড়যন্ত্র হবে। সেগুলো মোকাবেলা করতে হবে।"
স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোল্লা মোহাম্মদ আবু কায়সার, মতিউর রহমান মতি প্রমুখ।
১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালন এবং বঙ্গবন্ধু হত্যা মামলার রায় বাস্তবায়নের দাবিতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগ এই কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/০০০৮ ঘ.
bdnews24