ময়মনসিংহ, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বৃহস্পতিবার বিকেলে মুক্তি পেয়েছেন। তিনি বন্দি অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।
গত মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে ময়মনসিংহ কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাকে আবার কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ক্যাম্পাসে ফিরে বৃহস্পতিবারের মধ্যে রোটনের মুক্তির বিষয়ে ছাত্র লীগ নেতাদের আশ্বাস দেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৪টা ১০ মিনিটে রোটনকে মুক্তি দেওয়া হয়েছে।
তিনি জানান, জরুরি বিধিমালা ভঙ্গের দায়ে মঙ্গলবার কারা ফটকে থেকে গ্রেপ্তার করে রোটনকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে পুলিশ। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রোটনের আইনজীবী অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন জানান, ময়মনসিংহের মুখ্য বিচারবিভাগীয় হাকিম আদালতে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরপরই তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।
মুক্তি পাওয়ার পর রোটন সাংবাদিকদের বলেন, "বিনাবিচারে আমাকে কারাগারে রেখে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।"
তিনি অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার ও শেখ হাসিনাকে স্থায়ী মুক্তি দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহবান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
মুক্তি পাওয়ার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল মো. রাসেল, দপ্তর সম্পাদক নাসিম আল মোমিন, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু, জেলা ছাত্রলীগ সভাপতি শরীফ হাসান অনু, সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সহ-সম্পাদক হুমায়ুন কবীর হিমেল, সাংগঠনিক সম্পাদক মোহিত উর রহমান শান্ত, কেন্দ্রীয় সদস্য সৈয়দ সাদিকুল মোমেন তানিমসহ স্থানীয় ছাত্রলীগের সব ইউনিট, বাকৃবি শাখা ও নেত্রকোনা জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
২০০৭ সালের ১৬ জানুয়ারি জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে রোটনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
২৯ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দিয়ে আবারও ফটকেই গ্রেপ্তার করে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়।
গত মঙ্গলবার দ্বিতীয় দফায় তাকে কারা ফটক থেকে গ্রেপ্তার করা হলে তার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ উপাচার্যকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি ভাঙচুর করে।
রাতে উপাচার্য এসএমএ ফায়েজের নেতৃত্বে কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ও রোটনের মুক্তির বিষয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এ ব্যাপারে বুধবার ইতিবাচক ফলাফল আসবে বলে উপদেষ্টা তাদের আশ^স্ত করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২২১৩ ঘ.
bdnews24