ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের দায়িত্বপালনে বাধা দেওয়াসহ তাদের হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে করা মামলায় আগাম জামিন পেয়েছেন ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসানসহ ১৩ ছাত্র নেতা।
বৃহস্পতিবার তারা ঢাকা মহানগর আদালতের ৭ নম্বর ট্রাইব্যুনালে বিচারক মতিয়ার রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন।
মাহমুদ হাসান ছাড়া জামিন পাওয়া অন্যান্য ছাত্র নেতারা হচ্ছেন- শরিফুল কবির স্বপন, আলী হোসেন তরুণ, রফিকুল ইসলাম, মুক্তার হোসেন নাহিদ, জুয়েল আহম্মদ খান, মো. আজিজুর রহমান, তাসবীরুল হক অনু, অপণা পাল, লাভলু মোল্লা, আবু আব্বাস ভূঞা, মো. আরাফুল রহমান ও নাজমুল আলম সিদ্দিকী।
২০০৬ সালের ১১ জুন অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের গেটে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।
ছাত্র নেতাদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট খোন্দকার আ. মান্নান, কামরুল ইসলাম, আব্দুর রহমান হাওলাদার, কাজী নজিবুল্লাহ হিরু, ফজিলাতুন নেছা বাপ্পী, আবু হানিফসহ বেশ কয়েকজন আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমএইচবি/২১১৯ ঘ.
bdnews24