ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলাটি সিনিয়র বিশেষ জজ আদালত থেকে সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে স্থানান্তর করা হয়েছে।
সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিন এ মামলায় তারেককে আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি।
জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার সামিয়া আখতার গত সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, তারেক রহমান ২০০২-০৩ অর্থ বছর থেকে ২০০৫-০৬ অর্থ বছর পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ১২৪ টাকা আয়ের তথ্য গোপন করেন এবং এর ওপর প্রযোজ্য ২৬ লাখ ৮৬ হাজার ৭৮১ টাকা আয়কর ফাঁকি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২০২৮ ঘ.
bdnews24