২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের আগে আর কোনো নির্বাচনে যাবে না আ. লীগ

কোনো অবস্থাতেই অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। একইসঙ্গে জরুরি অবস্থার মধ্যেও কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 11:25 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০ে৭ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- কোনো অবস্থাতেই অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। একইসঙ্গে জরুরি অবস্থার মধ্যেও কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গুলশানে নিজ বাসায় বৃহস্পতিবার দুপুরে চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, "আমরা কোনো অবস্থাতেই সাধারণ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনে যাবো না। জরুরি অবস্থার মধ্যেও আমরা কোনো নির্বাচনে অংশ নেবো না। সরকার যদি জরুরি অবস্থার মধ্যেই সাধারণ নির্বাচন করতে চায়, তখন আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবো।" বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জিল্লুর রহমান বলেন, "এটি ছিলো সম্পূর্ণ সৌজন্য সাক্ষাত। বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। জরুরি অবস্থা, নির্বাচনের তারিখ এবং নেত্রীর (শেখ হাসিনা) নিঃশর্ত মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে, আমরা নেত্রীর নিঃশর্ত মুক্তি চাই।" সংশোধিত গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ সম্পর্কে তিনি বলেন, "গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশের শর্তগুলো খুবই কঠিন। অঙ্গ-সহযোগী সংগঠনগুলো না থাকলে রাজনীতি করবো কিভাবে? এটা আপত্তি জনক।" 'না' ভোটের বিধানকে হাস্যকর বলেও আখ্যায়িত করেন তিনি। নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দলীয় পদে থাকতে পারবে না বলে সরকার যে বিধান করতে যাচ্ছে তা সমর্থনযোগ্য নয় বলেও জানান তিনি। বৈঠকে জিল্লুর রহমানের সঙ্গে আরো উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী। চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার কাউন্সিলর ওয়াং ইউ'র নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন রাজনৈতিক শাখার প্রধান মু ইয়ংপেং এবং রাজনৈতিক শাখার এটাশে জি মিংডং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৭২০ ঘ.