২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে অঙ্গসংগঠন না রাখার বিপক্ষে এম কে আনোয়ার

রাজনৈতিক দলের অঙ্গসংগঠন না রাখা ও 'না' ভোটের বিধানের বিরোধিতা করে 'গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ ২০০৮' পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির সহ সভাপতি এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের অঙ্গসংগঠন না রাখা ও 'না' ভোটের বিধানের বিরোধিতা করে 'গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ ২০০৮' পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির সহ সভাপতি এম কে আনোয়ার। বৃহস্পতিবার এলিফ্যান্ট রোডের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, "এ অধ্যাদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি রয়েছে। এটি বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র সংশোধন করতে হবে। তবে জরুরি অবস্থার মধ্যে এবং নির্বাচনের আগে তা সম্ভব নয়।" উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে বুধবার রাতে অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশে ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছরের জন্য দণ্ডিত ব্যক্তিকে সংসদ নির্বাচনে অংশ করতে না দেওয়া, অবসরে যাওয়া সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে তিন বছর অতিক্রমের আগে নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া, কোনো রাজনৈতিক দলের আর্থিক, বাণিজ্যিক, ছাত্র, শ্রমিক বা পেশাভিত্তিক অঙ্গসংগঠন না রাখার বিধানের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন এম কে আনোয়ার। তিনি বলেন, "এভাবে আইন করে রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করা যায় না।" সদ্য কারামুক্ত বিএনপির এই নেতা দলীয় নেত্রী খালেদা জিয়ার দ্রুত মুক্তি ও দলের যুগ্ম মহাসচিব অসুস্থ তারেক রহমানকে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে বলেন, "নেত্রী মুক্তি পেলে আমরা সরকারের সঙ্গে সংলাপে বসে মস্যা সমাধানে সহযোগিতা করব।' স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় দল পিছিয়ে পড়েছে কিনা- জানতে চাইলে এম কে আনোয়ার বলেন, "আমরা পিছিয়ে পড়িনি। তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় নির্বাচন করার কোনো এখতিয়ার নেই। সেই নীতিগত অবস্থানের কারণে আমরা ওই নির্বাচন বর্জন করেছি।" তিনি বলেন, "ভোট গ্রহণ শান্তিপূর্ন হলেই সুষ্ঠু ভোট বলা যাবে না। কারণ কবরেও শান্তি রয়েছে, সেইরকম শান্তি কারও কাম্য নয়। স্থানীয় সরকারের নির্বাচন নিয়ন্ত্রিতভাবে হয়েছে, মুক্তভাবে হয়নি। জরুরি অবস্থার মধ্যে নির্বাচনটি জনগণ চায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/জিএনএ/১৭০৭ ঘ.