ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব অ্যাডভোকেট সিগমা হুদাকে ঘুষের মামলায় জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।
সিগমার আপিল ও জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ খবরের অন্তরালে পত্রিকার গাড়ি কেনায় ঘুষ নেওয়ার মামলায় জামিনের আদেশ দেন।
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা নাজমুল হুদা সিগমার স্বামী।
খবরের অন্তরালে পত্রিকার নামে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় দণ্ডপ্রাপ্ত সিগমা হুদাকে গত ৫ জুন তিন মাসের জামিন দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টও ওই আদেশ বহাল রাখে।
কিন্তু সুপ্রিম কোর্টের ওই আদেশের একদিন আগে গত ১৮ জুন সিগমার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় সিগমার বিরুদ্ধে খবরের অন্তরালে পত্রিকার গাড়ি কেনার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়।
পরের মামলায় সিগমা হুদার জামিন আবেদন গত ১৬ জুলাই খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর তিনি হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন এবং সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আপিলের শুনানির সময় আদালত গত ৪ আগস্ট সিগমা হুদার মেডিক্যাল রিপোর্ট তলব করে। সেই রিপোর্ট পরীক্ষা করে স্বাস্থ্যগত কারণে সিগমা হুদাকে জামিন দেয় আদালত।
আদালতে সিগমা হুদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
সুপ্রিম কোর্টের আদেশের পর সিগমা হুদার মেয়ে অন্তরা সাংবাদিকদের বলেন, "আগের মামলায় জামিন পেয়ে মা যখন কারাগার থেকে মুক্ত হবেন, ঠিক তার আগেই এ মামলাটি দায়ের করা হয়েছে। মায়ের বিরুদ্ধে আর কোন মামলা নেই। আর নতুন কোনও মামলা না হলে তার কারামুক্তিকেও বাধা নেই।"
গত বছরের ২৭ আগস্ট দুর্নীতির মামলায় ব্যারিস্টার নাজমুল হুদাকে ৭ বছর ও সিগমা হুদাকে ৩ বছর কারাদণ্ড দেয় সংসদ ভবনের বিশেষ জজ আদালত। ওই বছরের ২২ মার্চ দুর্নীতি দমন কমিশন ধানমন্ডি থানায় ওই মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24