ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামাতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশের কোন ইসলামী রাজনৈতিক দলই সশস্ত্র বিপ্লবের কথা বলেনি। এসব দল গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশে 'যৌক্তিক পরিবর্তনের' কথা বলেছে বলে মন্তব্য করেন তিনি।
পবিত্র শবে-মেরাজ উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে মহানগর জামায়াত ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজামী একথা বলেন।
সভাপতিত্ব করেন নগর আমীর রফিকুল ইসলাম খান। আলোচনায় অংশ নেন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, মাওলানা আবু তাহের, শহীদ নাসিম, জয়নাল আবেদীন, হামিদুল ইসলাম আজাদ, নূরুল ইসলাম বুলবুল।
বিশ্বব্যাপী ইসলামের নামে জঙ্গী তৎপরতা প্রসঙ্গে মতিউর রহমান নিজামী বলেন, "লাদেনসহ বিশ্বের জঙ্গী তৎপরতার সঙ্গে জড়িত কেউই ইসলামী ব্যক্তিত্ব নয়। বরং লাদেন হচ্ছেন বুশের ব্যবসায়িক অংশীদার।"
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী ইসলামের বিজয় রোধে ইসলামী শক্তির নামে এক শ্রেণীর মাথা গরম লোককে টাকা দিয়ে জঙ্গীদের আর্থিক সহায়তা দিচ্ছে। যাতে ইসলামকে মানবতাবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৩৪ঘ.
bdnews24