ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আগস্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শনিবার গুলশান থানা আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বনানী গোরস্থানে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গোরস্থান সংলগ্ন মসজিদে বাদ আছর অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদের আগে বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং পরিবারের অন্যান্য সদস্য শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল, শেখ ফজলুল হক মণি, আরজু মণি ও আব্দুর রব সেরনিয়াবাতসহ '৭৫ এর ১৫ আগস্ট নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। পরে তিনি '৭৫ এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও মনসুর আলীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০২১ঘ.
bdnews24