২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল খালেদা জিয়াই পারেন বিভক্তি জোড়া লাগাতে: হান্নান শাহ

বিএনপির দুই অংশের ঐক্য স্থাপনের কাজটি কেবল খালেদা জিয়াই করতে পারেন বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ। বিএনপিতে ঐক্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শনিবার তিনি বলেছেন, "দলে যে বিভক্তি হয়েছে, তা জোড়া লাগাতে পারেন কেবল নেত্রীই (খালেদা জিয়া)। আমরা চাই, আমাদের নেত্রী খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়া হোক। "

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 07:34 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশের ঐক্য স্থাপনের কাজটি কেবল খালেদা জিয়াই করতে পারেন বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ। বিএনপিতে ঐক্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শনিবার তিনি বলেছেন, "দলে যে বিভক্তি হয়েছে, তা জোড়া লাগাতে পারেন কেবল নেত্রীই (খালেদা জিয়া)। আমরা চাই, আমাদের নেত্রী খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়া হোক। " বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে এ কথা বলার সময় হান্নান শাহর পাশে ছিলেন দলের খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম ও যুবদল সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল। সদ্য কারামুক্ত শামসুল ইসলাম ও আলালসহ সহস্রাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে খোন্দকার দেলোয়ার শনিবার সকালে জিয়ার কবর জিয়ারত করেন। ওই সময় কর্মীদের মুখে স্লোগান ছিল- 'খালেদা জিয়ার মুক্তি চাই'। জরুরি অবস্থা জারির পর বিএনপি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একটি অংশ 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিতি পায়। গত বছর সেপ্টেম্বরে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার সময় তিনি মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন। পরে স্থায়ী কমিটির এক বৈঠকে এম সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাফিজউদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব মনোনীত করে 'সংস্কারপন্থীরা' কার্যক্রম চালাতে থাকে। অপরদিকে খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে অপর অংশটি আলাদাভাবে কাজ চালাতে থাকে। গ্যাটকো মামলায় জামিনে কারামুক্তির পর মান্নান ভূঁইয়া শুক্রবার সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়া মুক্তি পেলে দলের মধ্যে কোনও বিভক্তি থাকবে না; আগামী নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধ হয়েই অংশ নেবে।" মান্নান ভূঁইয়ার এ বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে হান্নান শাহ বলেন, "মান্নান ভূঁইয়া সাহেবের কারণেই দলে অনৈক্য সৃষ্টি হয়েছিল। আজ তিনি ভুল বুঝতে পেরেছেন। তবে নেত্রীই আমাদের মধ্যে বিভেদ-বিভক্তি দূর করতে পারবেন।" বহিষ্কৃত হওয়ার আগে গত বছরের ২৫ জুন দলে চেয়ারপারসনের ক্ষমতা কমানোসহ ১৫ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেন মান্নান ভূঁইয়া। ওই প্রস্তাবে বলা হয়, কাউন্সিল সদস্যদের সরাসরি ভোটে তিন বছরের জন্য দলের চেয়ারপারসন নির্বাচিত হবেন। একই ব্যক্তি দুই মেয়াদের বেশি ওই পদে থাকতে পারবেন না। যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে চেয়ারপারসনের পদ ছাড়তে হবে। খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে কোনও দ্বন্দ্ব আছে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে হান্নান শাহ বলেন, "দলের মহাসচিব খোন্দকার দেলোয়ারের সঙ্গে আমার কোনও বিভেদ নেই।" জিয়ার কবর জিয়ারতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নূরুল কবির শাহিন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, সাইমুম বেগম এবং শফি বিক্রমপুরী, মহিউদ্দিন খান মোহনসহ যুবদল, ছাত্রদল, ওলামা দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩৬ ঘ.