২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা রাজনীতি করুক সরকার চায় না: জিল্লুর

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শুক্রবার অভিযোগ করেছেন, শেখ হাসিনা রাজনীতি করুক বা নির্বাচনে অংশ নিক সরকার তা চায় না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণার দাবিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় জিল্লুর রহমান এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শুক্রবার অভিযোগ করেছেন, শেখ হাসিনা রাজনীতি করুক বা নির্বাচনে অংশ নিক সরকার তা চায় না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণার দাবিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় জিল্লুর রহমান এ কথা বলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে জিল্লুর রহমান বলেন, "সরকার চাচ্ছে শেখ হাসিনা যেন আর রাজনীতি করতে ও নির্বাচনে অংশ নিতে না পারেন। কিন্তু আমরা শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে তার নেতৃত্বেই সাধারণ নির্বাচনে যাব। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন জনগণ গ্রহণ করবে না।" "জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল" দাবি করে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "জিয়া ইনডেমনিটি আইন পাশ করিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচিয়ে দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে পুরস্কৃত করেছে।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দিন অর্থাৎ ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস পালন এবং ওইদিন সরকারি ছুটি বাতিল করাকে অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "হাইকোর্টের রায় বাস্তবায়িত না হলে জনগণ ধরে নেবে সরকার আইনের শাসনে বিশ্বাস করে না।" সভাপতিমণ্ডলীর আরেক সদস্য তোফায়েল আহমেদও হাইকোর্টের রায় বাস্তবায়নের আহবান জানান। দ্রব্যমূল্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, "জিনিসপত্রের দাম বাড়লেই বলা হয়, আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেড়েছে। তা হলে আন্তর্জাতিক রেটে বেতন দিন।" ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ আগস্ট বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে। ১৫ আগস্ট দলের কেন্দ্রীয় নেতারা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন মতিয়া চৌধুরীর নেতৃত্বে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ১৬ আগস্ট জিল্লুর রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানাবে। এরপর সেখানে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হবে। ৩১ আগস্ট ছাত্রলীগের আলোচনা সভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে। অন্যান্যের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, মুকুল বোস, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আলী আশরাফ, লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন, মোস্তফা জালাল মহিউদ্দিন, এ বি এম তাজুল ইসলাম, ডা. দীপু মনি, আব্দুল মান্নান খান, এম এ আজিজ ও কামরুল ইসলাম আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন। এদিকে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সন্ধ্যায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে 'প্রদীপ বন্ধন' কর্মসূচি পালন করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু এতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১১৯ ঘ.