২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির পর দলে বিভক্তি থাকবে না: মান্নান ভূঁইয়া

খালেদা জিয়া মুক্তি পেলে দলে আর কোনও বিভক্তি থাকবে না বলে মনে করেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। দলীয় সংস্কারে গত বছর দেওয়া প্রস্তাবের বিষয়ে সদ্য কারামুক্ত এই নেতা বলেছেন, খালেদা জিয়ার মুক্তির পর দলের কাউন্সিলে ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 10:09 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া মুক্তি পেলে দলে আর কোনও বিভক্তি থাকবে না বলে মনে করেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। দলীয় সংস্কারে গত বছর দেওয়া প্রস্তাবের বিষয়ে সদ্য কারামুক্ত এই নেতা বলেছেন, খালেদা জিয়ার মুক্তির পর দলের কাউন্সিলে ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গ্যাটকো মামলায় হাইকোর্টে জামিনের আদেশ হওয়ার পর বৃহস্পতিবার কারাগার থেকে ছাড়া পান মান্নান ভূঁইয়া। শুক্রবার গুলশানে ন্যাম ফ্ল্যাটের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়া মুক্তি পেলে দলের মধ্যে কোনও বিভক্তি থাকবে না, আগামী নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধ হয়েই অংশ নেবে।" জরুরি অবস্থা জারির পর বিএনপি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একটি অংশ 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিতি পায়। গত বছর সেপ্টেম্বরে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার সময় তিনি মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন। পরে স্থায়ী কমিটির এক বৈঠকে এম সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাফিজউদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব মনোনীত করে 'সংস্কারপন্থীরা' কার্যক্রম চালাতে থাকে। অপরদিকে খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে অপর অংশটি আলাদাভাবে কাজ চালাতে থাকে। দলের দুই পক্ষের ঐক্যের বিষয়ে আশাবাদী মান্নান ভূঁইয়া বলেন, "আমার বিশ্বাস, বিএনপির ঐক্য হবেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য জরুরি।" দলীয় সংস্কারে নিজের দেওয়া প্রস্তাবের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মান্নান ভূঁইয়া বলেন, "সংস্কার প্রস্তাব দিয়েছি দলকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য ও শক্তিশালী করতে। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াও ওই সংস্কারের পক্ষে ছিলেন।" গত বছরের ২৫ জুন দলে চেয়ারপারসনের ক্ষমতা কমানোসহ দলীয় সংস্কারে ১৫ দফা প্রস্তাব উত্থাপন করেন মান্নান ভূঁইয়া। ওই প্রস্তাবে বলা হয়, কাউন্সিল সদস্যদের সরাসরি ভোটে তিন বছরের জন্য দলের চেয়ারপারসন নির্বাচিত হবেন। একই ব্যক্তি দুই মেয়াদের বেশি ওই পদে থাকতে পারবেন না। যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে চেয়ারপারসনের পদ ছাড়তে হবে। মান্নান ভূঁইয়া বলেন, "ওই প্রস্তাব চূড়ান্ত কিছু নয়। সংস্কার প্রস্তাব গ্রহণ করা হবে কিনা, তা নির্ধারণ হবে দলের কাউন্সিলে। চেয়ারপারসন মুক্তি পাওয়ার পর কাউন্সিলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।" স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের অংশ গ্রহণের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশকে স্বাগত জানিয়ে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মান্নান ভূইয়া বলেন, "জনগণের কাছে স্থানীয় সরকার নির্বাচন একটি বড় নির্বাচন। এ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাই অংশ নিয়ে থাকেন। তাই আইন করে এ সম্পৃক্ততা বন্ধ করা যাবে না। বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের অংশ গ্রহণের সুযোগ রয়েছে।" একইসঙ্গে তিনি বলেন, "তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির নির্দলীয় ভূমিকা রাখতে হবে। নইলে দলীয়করণের প্রভাবে প্রতিষ্ঠান বিতর্কিত হবে।" বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়ার বিধিনিষেধ অবৈধ বলে রায় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৬ ঘ.