২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী অভিযান হয়েছে 'রাজনীতি বিরোধী অভিযান': জামায়াত

জামায়াতে ইসলামী বলেছে, ভুল পদক্ষেপের কারণে সরকারের দুর্নীতিবিরোধী অভিযান রাজনীতি বিরোধী অভিযানে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংসদ মজলিসে শূরার সমাপনী অধিবেশনে এ মন্তব্য করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী বলেছে, ভুল পদক্ষেপের কারণে সরকারের দুর্নীতিবিরোধী অভিযান রাজনীতি বিরোধী অভিযানে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংসদ মজলিসে শূরার সমাপনী অধিবেশনে এ মন্তব্য করা হয়। বৃহস্পতিবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত আমির মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে মজলিসে শূরার অধিবেশন চলে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, "মজলিসে শূরা মনে করে- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের শাসনকাল জনদুর্ভোগের সময় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জনগণের কাছে এ সরকারের জবাবদিহিতা না থাকায় সরকার যা খুশি তাই করছে। সরকারের ভুল ও অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে অর্থনীতি স্থবির ও বিপর্যস্ত হয়ে পড়েছে।" জামায়াত মনে করে, "প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মৌলিক খাতটি বেসরকারী সংস্থা ব্র্যাকের হাতে তুলে দেওয়ার ঘটনা শুধু দেউলিয়াপনাই নয়, ষড়যন্ত্রমূলকও বটে।" মজলিসে শূরার অধিবেশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের মুক্তি দাবি করা হয় এবং সংবিধান সংশোধনের যে কোনো উদ্যোগ প্রতিহত করার অঙ্গীকার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২২০৫ ঘ.