ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপের ব্যাপারে বিএনপির সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত আছে বলে আবারো জোর দিয়ে জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
বিএনপিকে সংলাপে আনতে প্রয়োজনে বাড়তি উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
তবে বিএনপির খোন্দকার দেলোয়ারপন্থী অংশ সংলাপ নিয়ে সরকারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের খবর এরইমধ্যে নাকচ করেছে।
সোমবার আরেক উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের বলেছিলেন, "আমাদের পক্ষ থেকে বিএনপির সঙ্গে যোগাযোগ চলছে। প্রক্রিয়াও বেশ এগিয়েছে। আশা করছি, শিগগিরই সংলাপ অনুষ্ঠান সম্ভব হবে।"
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, "চেয়ারপারসন কারাগারে। আমি দলের মহাসচিব। আমার সঙ্গে সরকারের কারো আলাপ হয়নি, হচ্ছেও না। তাহলে সরকার কাদের সঙ্গে আলাপ করছে?"
বিএনপি খালেদা জিয়া মনোনীত মহাসচিবের বক্তব্যের বিষয়ে হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের সঙ্গে সরকারের সংলাপ হলেও বিএনপির সঙ্গে না হওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন। তবে কার্যকর অগ্রগতির জন্য বিএনপির সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে।"
এর আগে সকালে পূর্ত মন্ত্রণালয়ে গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের ও আইন উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন হোসেন জিল্লুর রহমান। এ তিন উপদেষ্টাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত।
বিএনপি মহাসচিবের অস্বীকারের বিষয়ে সরাসরি জবাব না দিয়ে ড. জিল্লুর বলেন, "কে কী বলল, তার সব কিছুর উত্তর তো দেওয়া যাবে না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফলাফল। একটি ফলাফলের জন্যই আমরা কাজ করছি। এজন্য শুধু সরকার নয়, সবাইকে দায়িত্বশীল হতে হবে।"
উপদেষ্টা গোলাম কাদের ও হাসান আরিফ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
শিক্ষা উপদেষ্টা বলেন, "ডিসেম্বরে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। এজন্য পর্যায়ক্রমে ধৈর্যশীলতার সঙ্গে আমাদের অনেক মাইলস্টোন অতিক্রম করতে হবে। কারণ ঘোষিত পথে কোনো বিকল্প নেই।"
খালেদা জিয়ার মুক্তির বিষয়টি কী পর্যায়ে আছে, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/১৯০২ ঘ.
bdnews24