ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শুক্রবার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট করার কথা ভাবছে তার দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা জাতীয় পার্টির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কথা ভাবছি।"
তবে মহাজোট কখনো বিলুপ্ত হয়নি- জাতীয় পর্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে জিল্লুর বলেছেন, "এখন আর মহাজোট বলে কিছু নেই।"
নির্বাচনকে সামনে রেখে মহাজোটকে আবার সক্রিয় করা হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে শুক্রবার সকালে এরশাদ সাংবাদিকদের বলেছিলেন, "মহাজোট তো ভেঙে দেওয়া হয়নি। আমি মহাজোটে ছিলাম, এখনও আছি।"
২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট গঠিত হয়। ১৪ দলের বাইরে জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোটের একাংশ তাতে যোগ দেয়।
তবে এরশাদ ২০০৭ সালের শেষভাগে জাতীয় পার্টির এক কর্মী সম্মেলনে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের ইঙ্গিত দেন। তখন বলা হয়েছিল, মহাজোট নিষ্ক্রিয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/জেকে/এমএইচবি/২২১৪ ঘ.
bdnews24