ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে রাজনৈতিক দলের শাখা বাতিলের পরিকল্পনা প্রত্যাহার, খালেদা জিয়ার মুক্তিসহ ৬ দফা দাবি জানিয়েছে বিএনপির সৌদি আরব শাখা। শুক্রবার বিকালে রিয়াদের একটি হোটেলে আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের কাছে এ দাবি জানানো হয়।
সৌদি আরব শাখা বিএনপির প্যাডে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৬ দফার অন্য দাবিগুলো হচ্ছে, তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, জরুরি অবস্থা প্রত্যাহার, ৩০ অক্টেবরের মধ্যে সংসদ নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।
বিজ্ঞপ্তিকে বলা হয়, আগামী ১৫দিনের মধ্যে দাবিগুলো পুরণ না হলে প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দেশে পাঠানো বন্ধ করে দেবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সৌদি শাখার সদস্য সচিব ফারুক আহম্মেদ খান।
সৌদি শাখার আহবায়ক শাহাবুদ্দিন তুর্কীর সভাপতিত্বে আলোচনা সভায় আবদুল বাতেন, জামাল আহমেদ চৌধুরী, শহিদুল্লাহ ভূঁইয়া, আবুল বাশার, আবদুল হাকিম, ফারুক আহম্মেদ চাঁন, জাহাঙ্গীর আলম, আনোয়ার চৌধুরী, তাজুল ইসলাম গাজী, ফখরুল ইসলাম বিলাস প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার মুক্তি এবং তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ রাজবন্দিদের রোগমুক্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন ক্বারি মোহাম্মদ আবদুল হাকিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৯৫৫ ঘ.
bdnews24